বিশ্ব পরিবেশ দিবসেই ‘উধাও’ সরকারি গাছ! হিলিতে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে সরব বিজেপি, তোলপাড় প্রশাসনিক মহল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৫ জুন —— বিশ্ব পরিবেশ দিবসের দিনই সরকারি গাছ চুরির অভিযোগ ঘিরে উত্তাল হিলি। সরকারি বনাঞ্চল থেকে ঝড়ে উপড়ে পড়া গাছ গোপনে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হিলি ব্লকের সারেংবাড়ি ফরেস্ট এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
অভিযোগ, সাম্প্রতিক ঝড়ে সারেংবাড়ি ফরেস্টে বেশ কয়েকটি মূল্যবান গাছ ভেঙে পড়ে। নিয়ম অনুযায়ী সেগুলি প্রশাসনের তত্ত্বাবধানে সংরক্ষণ করে পরে টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা। কিন্তু তার আগেই সক্রিয় হয়ে ওঠে কাঠ মাফিয়ারা। অভিযোগ, রাতের অন্ধকারে বেশ কিছু গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হয় এবং তা স্থানীয় একটি কাঠ চেরাই মিলে পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে ত্রিমোহিনীর একটি কাঠ চেরাই মিলে হানা দেন প্রশাসনের কর্তারা। সেখানে গিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা জয়ন্ত প্রামাণিক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই হিলি এলাকায় কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। সরকারি সম্পত্তি লুট করে কোটি টাকার কারবার চলছে, অথচ প্রশাসনের একাংশ নীরব দর্শকের ভূমিকায়।
তিনি জানান, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত অভিযোগ জানানো হবে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *