আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সেই তুলনায় উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা পান না। একাধিকবার পূর্ববর্তী সরকারের কাছেও তাঁদের দাবি-দাওয়া তুলে ধরা হলেও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি কর্মীদের।
কর্মীদের বক্তব্য, রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটে বিভিন্ন দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি করা হলেও NHM ও CHA কর্মীদের দাবি এখনও উপেক্ষিত রয়ে গেছে। তাই বিএমওএইচ-এর মাধ্যমে সরকারের কাছে তাঁদের পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ‘সম কাজ, সম বেতন’ নীতি কার্যকর করা, বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করা।
কর্মীদের হুঁশিয়ারি, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এই কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কর্মীদের দাবি, ন্যায্য অধিকার আদায়ের স্বার্থেই তাঁরা এই আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

