গঙ্গারামপুর ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার গঙ্গারামপুরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতাপ্রতিযোগিতায় ট্রাফিক আইন,সড়কে চলাচলের নিয়ম,হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার নির্দেশে, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর সহযোগিতায় এবং ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাসের উদ্যোগে আয়োজিত এই পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশের দাবি, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, গঙ্গারামপুর ট্রাফিক গার্ডের ওসি প্রশান্ত কুমার দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু বলেন,”সড়ক নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়,এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব।আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের চালক ও সচেতন নাগরিক। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা যদি নিজেরা নিয়ম মেনে চলে এবং পরিবারের সদস্যদেরও সচেতন করে, তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।” এই কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশের আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলবে।

