গঙ্গারামপুর, ৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:
মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দিতে পথে নামল জেলা পুলিশ প্রশাসন। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ ও যুবসমাজকে সচেতন করতে মঙ্গলবার গঙ্গারামপুরে আয়োজিত হল মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি। পুলিশের এই উদ্যোগে সামিল হলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও।
এদিন দুপুর ১টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরের নিউ মার্কেট এলাকা থেকে র্যালির সূচনা হয়। এরপর র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে চৌপতিতে পৌঁছয়। সেখান থেকে ফের শহরের ব্যস্ততম রাস্তাগুলি ঘুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে এসে র্যালির সমাপ্তি হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড। ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’—সহ বিভিন্ন বার্তা তুলে ধরা হয় র্যালির মাধ্যমে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের এসডিপিও শুভতোষ সরকার গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, গঙ্গারামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক-সহ শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুলিশের পক্ষ থেকে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। গঙ্গারামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাহুল বাবু বলেন,”সমাজ নেশা মুক্ত হোক সেটা আমরা চাই।”
জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর উদ্যোগে এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করায় খুশি শহরের সাধারণ মানুষ। তাঁদের মতে, পুলিশের এই ধরনের উদ্যোগ শুধু মাদকবিরোধী সচেতনতা বাড়াবে না, আগামী প্রজন্মকেও মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করবে বলে মনে করছে অনেকেই।

