দিনের আলোতেই দেদার কাফ সিরাপ পাচার! কুমারগঞ্জে বিএসএফের জালে পাচারকারী, উদ্ধার প্রায় ৫০০ বোতল
বালুরঘাট, ১১ সেপ্টেম্বর —-দিনের আলোয় মোটরবাইকে চেপে দেদার নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইক-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হয়েছে প্রায় ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের গোপালগঞ্জ এলাকায়।
বিএসএফ সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই গোপালগঞ্জ ও সংলগ্ন এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ আসছিল। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জ হাইস্কুল সংলগ্ন এলাকায় নজরদারি চালান বিএসএফ জওয়ানেরা। সন্দেহজনক একটি মোটরবাইক আটকাতেই তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ কাফ সিরাপ। বিএসএফ সূত্রের দাবি, উদ্ধার হওয়া বোতলের সংখ্যা প্রায় ৫০০।
প্রকাশ্য দিনের আলোয় স্কুল সংলগ্ন এলাকায় এ ভাবে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ঘটনায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায়। পরে ধৃত যুবক, মোটরবাইক এবং উদ্ধার হওয়া কাফ সিরাপ কুমারগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
কুমারগঞ্জ থানার আইসি আশিস কুণ্ডু জানিয়েছেন এক যুবক-সহ বেশ কিছু নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।+

