ইলেকট্রিক শকে ৭০শতাংশ দগ্ধ গঙ্গারামপুরের অনিক, জীবন বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন বন্ধুদের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর।শিলিগুড়িতে বেসরকারি সংস্থায় ইলেকট্রিকের মিস্ত্রি হিসেবে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকার বাসিন্দা অনিক পাল (২৯)। এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের প্রায় ৭০শতাংশ পুড়ে যায়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। জীবন-মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা অনিককে বাঁচাতে তাঁর বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এবং প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৯জুলাই শিলিগুড়িতে একটি প্রতিষ্ঠানে এসি সারাইয়ের কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন অনিক।গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
অনিকের পরিবার অত্যন্ত অসচ্ছল। বাবা সুভাষ পাল দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মা বরুণা পাল এবং দাদা সুমন পাল মাটির হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে কোনোমতে সংসার চালান।পরিবারের অন্যতম রোজগেরে সদস্য ছিলেন অনিক। তাঁর এই দুর্ঘটনার পর চিকিৎসার বিপুল ব্যয় বহন করা পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে অনিকের বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “দরকার আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সাহায্যই অনিকের জীবন বাঁচাতে বড় ভরসা হতে পারে।” ইতিমধ্যেই বহু মানুষ সেই আবেদন শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অনিকের বাবা সুভাষ পাল এবং আত্মীয় সুশান্ত পাল বলেন,”আপনাদের সকলের সহযোগিতায় আমাদের পরিবারের ছেলেটি হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে। আমরা সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি।”
প্রতিবেশী সন্ধ্যা পাল, আত্মীয় সাথী পাল ও তুলা পালেরা বলেন, “অনিকের পরিবার খুবই গরিব। ছেলেটি সকলের সাহায্য পেলে হয়তো আবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। সমাজের সকল মানুষের কাছে আমরা পাশে দাঁড়ানোর আবেদন জানাই।”
পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়েছে,যে কোনও শুভানুধ্যায়ীরা মানবিক সহায়তা করতে চাইলে ৭০০১৩২৪১৭৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
মানবিকতার খাতিরে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন অনিকের স্বজনরা। তাঁদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই অনিকের নতুন জীবনের আশা হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *