গঙ্গারামপুর, ১০ জুলাই: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সাধারণ মানুষের জন্য সুখবর। শুক্রবার থেকে হাসপাতাল ও বাসস্ট্যান্ডের ‘মা আহার’ কেন্দ্রগুলিতে মাছ-ভাত পরিবেশন পরিষেবার শুভ সূচনা করা হল। এদিন আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের সমাজসেবী অশোক বর্ধন এবং গঙ্গারামপুর পুরসভার প্রশাসক-সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিধায়ক জানান, সাধারণ মানুষের পুষ্টিকর ও সাশ্রয়ী মূল্যের খাবার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হাসপাতালে আসা রোগীর পরিজন, শ্রমজীবী মানুষ, যাত্রী এবং নিম্ন আয়ের মানুষেরা এই পরিষেবা থেকে উপকৃত হবেন।
এদিন প্রথম দিন থেকেই বহু মানুষ মাছ-ভাতের স্বাদ গ্রহণ করেন। উপস্থিত সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। হাসপাতাল ও বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকে। ফলে এই দুই কেন্দ্রেই মাছ-ভাত চালু হওয়ায় সাধারণ মানুষের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে মত স্থানীয়দের।
বিধায়ক বলেন,” ‘মা আহার’ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরেই স্বল্পমূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। এবার মাছ-ভাত সংযোজনের ফলে খাবারের মান ও পুষ্টিগুণ আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।” সমাজসেবী অশোক বর্ধন বলেন,”আমরা সকলের জন্য রয়েছি,সরকারি পরিষেবা পৌঁছে দেবার জন্য।”
শুক্রবারের এই উদ্যোগকে ঘিরে হাসপাতাল ও বাসস্ট্যান্ড চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই পরিষেবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

