মুখস্থ নয়, ভাবতে শিখুক পড়ুয়া, গঙ্গারামপুরে নতুন শিক্ষানীতির বার্তা সুকান্তর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১০ জুলাই —- মুখস্থ বিদ্যার গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তাশক্তির বিকাশই আগামী দিনের শিক্ষার মূল লক্ষ্য। সেই বার্তাই গঙ্গারামপুর থেকে তুলে ধরলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার নারইয়ের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতি ২০২০ (এনইপি)-র বিভিন্ন দিক তুলে ধরে ব্যাখ্যা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সামগ্রিক ব্যবস্থা ঘুরে দেখেন। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথোপকথনের পর বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বলেন, শুধু মুখস্থ করে পরীক্ষায় নম্বর পাওয়া নয়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও মৌলিক চিন্তাশক্তির বিকাশ ঘটানোই জাতীয় শিক্ষানীতি ২০২০-এর প্রধান লক্ষ্য। তাঁর দাবি, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়েই এই শিক্ষানীতি তৈরি হয়েছে।
অন্যদিকে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল গঙ্গারামপুরের পক্ষ থেকে ডা. রাজীব পান্ডে জানান, বিদ্যালয় পরিদর্শনের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়েই তিনি স্কুলে আসেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এই সুযোগে বিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথাও তাঁর কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে স্কুলে প্রবেশের প্রধান রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে জানানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *