জঙ্গলের আড়ালে ফেনসিডিলের গুদাম! কার্টুন খুলতেই চক্ষু চড়কগাছ, বালুরঘাটে উদ্ধার শতাধিক নিষিদ্ধ কাফ সিরাপ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২০ আগষ্ট –— জঙ্গলের নির্জনতা ভেঙে হঠাৎই রহস্যের গন্ধ! পর পর পড়ে থাকা চার-পাঁচটি কার্টুন দেখে স্থানীয়দের সন্দেহ হয়েছিল। ভিতরে কী রয়েছে, তা বুঝতে না পেরে খবর দেওয়া হয় পুলিশে। আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুন খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ, ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল। বৃহস্পতিবার বালুরঘাটের মাহিনগর স্কুলপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের মধ্যে বেশ কিছু কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে কার্টুনগুলি উদ্ধার করে। তল্লাশি চালাতেই একের পর এক বোতল ফেনসিডিল বেরিয়ে আসে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে শতাধিক বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । ঘটনার পর জঙ্গলের আশপাশে তল্লাশি আরও জোরদার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাছেই থাকা একটি বন্ধ গোডাউনেও হানা দেন তদন্তকারীরা। গোডাউনের তালা ভেঙে ভিতরে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও সেখানে অবশ্য কোনও নিষিদ্ধ সামগ্রী মেলেনি।

তবে জঙ্গলের মধ্যে এত বিপুল ফেনসিডিল এল কোথা থেকে তা নিয়েই উঠেছে প্রশ্ন ? পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই ফেনসিডিল মজুত করা হয়েছিল। পাচারের আগে কোনও কারণে সেগুলি জঙ্গলে ফেলে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, কারা এই কারবারের সঙ্গে জড়িত, কোথা থেকেই বা এল ফেনসিডিল, তার উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *