বালুরঘাট, ৩ জুন: মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটের রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌম্য হালদার, বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী-সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, সংযোজন ও বিয়োজনের পর বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় চার লক্ষ উপভোক্তা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য এখনও পর্যন্ত প্রায় ৯ হাজার আবেদন জমা পড়েছে বলেও তিনি জানান।
জেলাশাসকের বক্তব্য অনুযায়ী, এদিন জেলার আটটি ব্লক এবং তিনটি পুরসভা এলাকায় মোট প্রায় ১১ হাজার উপভোক্তার হাতে প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, “আমরা যে প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করি। রাজ্যের মুখ্যমন্ত্রী ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের আর্থিক সহায়তার আওতায় আনতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প বহু পরিবারের আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
প্রকল্পের সূচনাকে ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। প্রশাসনের আশা, আগামী দিনে আরও বেশি সংখ্যক যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন।

