, বালুরঘাট: স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর খাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল পল্লি এলাকায়। মৃত কিশোরের নাম গণেশ রবিদাস (১৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় গণেশ। এরপর পরিবার ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও তার কোনও সন্ধান মেলেনি। বুধবার সকালে পূর্বাচল পল্লি সংলগ্ন একটি খাড়িতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি গণেশ রবিদাসের বলে শনাক্ত করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকেই কিশোরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। দীর্ঘ অনুসন্ধানের পরও কোনও সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ বাড়ছিল। অবশেষে খাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

