গঙ্গারামপুর, ১৯ আগস্ট, দক্ষিণ দিনাজপুর:
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর হাইস্কুলে নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন হল।বুধবার আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা ভারত সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। নতুন লাইব্রেরি চালু হওয়ায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মানস তোকদার, সমাজসেবী স্বরূপ চৌধুরী, বাপি সরকার, সনাতন কর্মকার, উৎপল দাস, সুবোধ সরকার-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুকান্ত মজুমদার বলেন, “একটি বিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামোর ক্ষেত্রে লাইব্রেরির গুরুত্ব অত্যন্ত বেশি।শুধু পাঠ্যবই নয়, বিভিন্ন বিষয়ের বই পড়ার মাধ্যমে পড়ুয়াদের জ্ঞানের পরিধি আরও বাড়ে। এই লাইব্রেরি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস তোকদার বলেন,“স্কুলে লাইব্রেরি চালু হওয়ায় ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হল।পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, ইতিহাস, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা।আগামী দিনে লাইব্রেরিতে আরও বই সংযোজনের পরিকল্পনা রয়েছে।”
এদিনের অনুষ্ঠানে বক্তারা পড়ুয়াদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তাঁদের মতে, বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়লেও বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন লাইব্রেরি সেই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলেই আশা বিদ্যালয় কর্তৃপক্ষের।

