সেচ দপ্তরের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ক্ষোভ মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মেশিনের সংস্পর্শে আসার অভিযোগ, শুক্রবার ময়নাতদন্তে দেহ পাঠাবে পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট ৩ সেপ্টেম্বর।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুনর্ভবা নদী থেকে কৃষিজমিতে সেচের জল দেওয়ার জন্য রাখা সেচ দপ্তরের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের বলে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকায়। মৃতের নাম প্রদীপ সরকার (৩০)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার বোরডাঙ্গির দুর্গাপুর এলাকায়। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাছ ধরার নেশা ছিল প্রদীপের। এদিন দুপুরে ছিপ নিয়ে পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।নদীর পাশেই কৃষকদের জমিতে সেচের জল সরবরাহের জন্য সেচ দপ্তরের একটি বড় মাপের মেশিন রাখা ছিল। অভিযোগ, ওই মেশিনের বৈদ্যুতিক সংযোগে সমস্যা ছিল। মাছ ধরার সময় কোনওভাবে পা পিছলে প্রদীপ নদীতে পড়ে যান। তখনই মেশিনের বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অভিযোগ।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
মৃতের এক আত্মীয়ের অভিযোগ,‘‘দীর্ঘদিন ধরেই সেচ দপ্তরের ওই মেশিনে শর্ট সার্কিটের সমস্যা ছিল। অথচ মেশিনটির রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার বিষয়ে দপ্তরের তরফে কোনও নজর ছিল না। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জন্য দায়ী কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’’
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। শুক্রবার দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও সেচ দপ্তরের তরফে এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *