৭৮ বছরের পথচলায় নতুন অঙ্গীকার, রাষ্ট্রীয় ছাত্র দিবসে বালুরঘাট কলেজে এবিভিপির শক্তিপ্রদর্শন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৯ জুলাই –— প্রতিষ্ঠার ৭৮ বছরে পা রেখে রাষ্ট্রীয় ছাত্র দিবস উদযাপনে বালুরঘাট কলেজে শক্তি প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার কলেজ চত্বরে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। পরে ছাত্রসমাজের ভূমিকা, জাতীয় চেতনা ও শিক্ষাঙ্গনে গঠনমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে আয়োজন করা হয় একটি আলোচনা সভা ও সেমিনারের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত, বালুরঘাট কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সুজিত মাহাতো, বালুরঘাট সাংগঠনিক জেলার জেলা সংযোজক বাপ্পা ভট্টাচার্য-সহ সংগঠনের একাধিক পদাধিকারী ও সদস্য। বক্তারা ছাত্রশক্তিকে সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন এবং শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দেন।

এবিভিপির বালুরঘাট কলেজ সম্পাদক দ্বীপ হালদার বলেন, সংগঠনের আদর্শ ও ঐতিহ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আগামী দিনেও ছাত্রছাত্রীদের স্বার্থে এবং শিক্ষাঙ্গনের ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সংগঠন ধারাবাহিকভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *