গঙ্গারামপুর-বালুরঘাট রুটের ৫১২ নম্বর জাতীয় সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করল গঙ্গারামপুর থানার ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ড। যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যেই নারাই থেকে বাউল ব্রিজ পর্যন্ত একটি বিশেষ মোটরসাইকেল পেট্রোলিং দল মোতায়েন করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে অবৈধভাবে গাড়ি পার্ক করে রাখার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ক্রমশ বাড়ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকে মোটরসাইকেল পেট্রোলিং দল নিয়মিত টহল দেবে এবং সড়কের উপর নজরদারি চালাবে।
অভিযান চলাকালীন অবৈধভাবে পার্কিং করা যানবাহন চিহ্নিত করে দ্রুত সেগুলি সরিয়ে দেওয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে মোটরযান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ দাস-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
হাইওয়ে ট্রাফিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়কে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এই বিশেষ অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চালানো হবে। পাশাপাশি সমস্ত গাড়িচালকদের নির্ধারিত পার্কিং স্থানে যানবাহন রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যানজট ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

