বালুরঘাট, ১৭ নভেম্বর, দক্ষিণ দিনাজপুর———-——পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া বর্ধমানের ট্রাকচালক কানাই গোস্বামীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর নির্দেশে সোমবার সকালে তাঁর প্রতিনিধি হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও বেশ কিছু জিনিসপত্র তুলে দেওয়ার পাশাপাশি সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ট্রাকচালক কানাই গোস্বামী (৪৫),গঙ্গারামপুর ব্লকের২/১বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি এলাকার বাসিন্দা।রবিবার সকালে দুর্গাপুর থেকে লোহার রড বোঝাই ট্রাক নিয়ে গঙ্গারামপুরে ফিরছিলেন তিনি। বর্ধমানের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাক চালক ও খালাসিকে বর্ধমান সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক কানাইবাবুকে মৃত বলে ঘোষণা করেন। আহত খালাসির চিকিৎসা চলছে হাসপাতালেই।
সোমবার সকালে তৃণমূল নেতৃত্বরা মৃতের বাড়িতে গিয়ে মৃতের স্ত্রী পলি গোস্বামীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমব্রম, গঙ্গারামপুর শহর আইএনটিটিইউসি-র সহ-সভাপতি অসিত মালাকার, বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশি মুর্মু, পঞ্চায়েত সদস্যরা ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
মৃতের স্ত্রী পলি গোস্বামী ও মা লিপিকা গোস্বামীরা বলেন, “হঠাৎ করে ও আমাদের এভাবে ছেড়ে চলে যাবে ভাবতেই পারছি না। আমাদের বাড়িতে এসে মন্ত্রীর পক্ষ থেকে নেতারা যেভাবে পাশে দাঁড়ালেন, তার জন্য কৃতজ্ঞ।”
চিরঞ্জিত মিত্র ও জেলা তৃণমূল কলেজের মহিলা নেত্রী স্নেহলতা হেমব্রম জানান, “মন্ত্রী বিপ্লব মিত্র খবর পাওয়ার পরই নির্দেশ দেন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতেও যে কোনও আপদে বিপদে আমরা এই পরিবারের পাশে থাকব।”। মৃতের পরিবার ও এলাকাবাসীরা এমন সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের।

