বিধায়কের বাইকে আইন উধাও!“মাথার চিকিৎসা দরকার”— কটাক্ষ তৃণমূল নেতার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ৬ মার্চ — গঙ্গারামপুরে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে ঘিরে। হেলমেট না পরে মোটরবাইক চালানোর অভিযোগ তুলে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের এসসি-এসটি সেলের গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরী। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যিনি নিজেই আইন মানেন না, তিনি আবার অন্যকে সমাজবিরোধী বলে দাগিয়ে দেন! এটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু নয়।”
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, হেলমেট ছাড়াই মোটরবাইক চালাচ্ছেন বিজেপি বিধায়ক। তাঁর পিছনে বসে রয়েছেন এক মহিলা। সেই ছবিকেই হাতিয়ার করে তৃণমূল নেতা কটাক্ষ ছুড়ে দেন। বাবু চৌধুরীর দাবি, “আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যে নেতা নিজেই আইন ভাঙেন, তাঁর মুখে নীতিকথা মানায় না।”
শুধু সমালোচনা নয়, ব্যক্তিগত কটাক্ষও করতে ছাড়েননি তৃণমূল নেতা। তাঁর কথায়, “সত্যেনবাবুর বয়স হয়েছে। এসব রাজনৈতিক নাটক না করে বরং ভালো ডাক্তার দেখিয়ে মাথার চিকিৎসা করানোই উচিত।”
একইসঙ্গে বাবু চৌধুরীর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফিরবে— এই আশঙ্কাতেই বিজেপি বিধায়কের “পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।” সেই কারণেই তিনি “ভুলভাল কথা বলছেন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন” বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে গঙ্গারামপুরে একটি দলীয় অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে বক্তব্য রাখেন বাবু চৌধুরী। সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পাল্টা আক্রমণে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ওই তৃণমূল নেতাকে ‘সমাজবিরোধী’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, এলাকায় তাঁকে কেউ চেনে না।
এর পরেই ভাইরাল হয় বিধায়কের হেলমেটহীন বাইক চালানোর ছবি। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা। তাঁর দাবি, আইন ভেঙে মোটরবাইক চালানোর ঘটনায় বিধায়কের বিরুদ্ধে প্রশাসনের উচিত আইনানুগ ব্যবস্থা নেওয়া। “আইনের ঊর্ধ্বে কেউ নয়, বিধায়ক হলেও নয়”— মন্তব্য বাবু চৌধুরীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *