গঙ্গারামপুর: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের মহেশপুর ব্যাটালিয়ন সদর দফতর সহ অধীনস্থ সমস্ত সীমান্ত চৌকি (বিওপি)-তে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয় বিএসএফ জওয়ান দের তরফে।
এদিনের কর্মসূচিতে বিএসএফের বিভিন্ন পদমর্যাদার জওয়ান ও আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলকে সবুজায়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এলাকাবাসীকে।
৯১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট Ranbir Singh Dogra হামজাপুর সীমান্ত চৌকিতে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি নিজে চারা গাছ রোপণ করেন এবং উপস্থিত জওয়ানদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। প্রকৃতির সুরক্ষা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

