কুমারগঞ্জ:৮ আগস্ট দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার আয়োজিত এক সংগঠনমূলক সভায় জেলা কমিটির নেতৃত্বে বিধানসভা এলাকার সদস্য, কর্মী ও অনুরাগীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অচিন্ত্য সরকার এবং সম্পাদক হয়েছেন সুবোধ সরকার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমারগঞ্জ এলাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, সমাজসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি এবং হিন্দু সমাজের ঐক্য ও স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করাই নতুন কমিটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ব্রজকিশোর প্রামাণিক। তিনি বলেন,“হিন্দু সুরক্ষা সমিতি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে কাজ করে চলেছে। নতুন কমিটির সদস্যদের নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কুমারগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। সমাজের কল্যাণে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব বসাক, জেলা ইনচার্জ উত্তম সূত্রধর, সহ-সভাপতি বিশাল বর্মন, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার, শিক্ষক ও সমাজসেবী পরিতোষ শীল, রঞ্জিত মাঝি, শ্যামল দাস, অসিত মজুমদার, মিলন কর্মকার-সহ সংগঠনের বহু সদস্য ও শুভানুধ্যায়ী।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনে সংগঠনের সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মসূচি আরও জোরদার করার অঙ্গীকার গ্রহণ করা হয়।

