তৃণমূল সভাপতির বাড়িতেই জুয়ার ঠেক! পুলিশি হানায় গ্রেফতার ১৯, উদ্ধার ৯২ হাজার টাকা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১১ আগষ্ট ——তৃণমূল নেতার বাড়িতেই নাকি চলছিল দেদার জুয়ার আসর! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তৃণমূল নেতা-সহ ১৯ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে নগদ ৯২ হাজার টাকা, বেশকিছু মোটরসাইকেল এবং ১৯টি মোবাইল ফোন। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম পঞ্চায়েতের গোকুলপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই গোকুলপুরে তৃণমূল নেতা মোক্তারুল সরকারের বাড়িতে জুয়ার আসর বসার অভিযোগ ছিল। মোক্তারুল অশোকগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি। সোমবার রাতে তাঁর বাড়িতেই জুয়ার আসর বসেছে বলে গোপন সূত্রে খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর অভিযান চালিয়ে মোক্তারুল-সহ মোট ১৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। উদ্ধার হয় বোর্ডমানি হিসাবে ৯২ হাজার টাকা। পাশাপাশি ১৯টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, আশপাশের বড়ম, সীতাহার, কুমারগঞ্জ-সহ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা নিয়মিত ওই বাড়িতে আসতেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তবে পুলিশের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দলের নেতা মৃণাল সরকারের দাবি, গোটা ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর বক্তব্য, মোক্তারুল বড় মাপের মাছ ব্যবসায়ী। তাঁর বাড়িতে মাছ ব্যবসায়ীদের নিয়ে খাওয়া-দাওয়ার আসর চলছিল। সেখানেই পুলিশ হানা দিয়ে সকলকে তুলে নিয়ে যায়। জুয়ার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি মৃণালের।

পুলিশ অবশ্য জানিয়েছে, উদ্ধার হওয়া টাকা, মোবাইল এবং ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *