বংশীহারীতে পুলিশের নাকা তল্লাশিতে দুই বোলেরো আটক, উদ্ধার ২৭০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ—গ্রেফতার ২

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

বংশীহারী,১৯ আগস্ট দক্ষিণ দিনাজপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বোলেরো গাড়ি আটক করে প্রায় ২৭০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খবর আসে, পূর্ণিয়া থেকে দুটি বোলেরো গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ গঙ্গারামপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে বংশীহারী থানার আইসির নেতৃত্বে পুলিশ ধুমসা দিঘি এলাকায় নাকা তল্লাশি শুরু করে এবং গাড়ি আটকানোর জন্য প্রস্তুতি নেয়।
এরপর সন্দেহজনক দুটি বোলেরোকে দেখতে পেয়ে পুলিশ আটকানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় একটি গাড়ি পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত পুলিশ দুটি গাড়িকেই আটক করতে সক্ষম হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়।
ঘটনায় মিজানুর মিয়া (৩০), পিতা নাজিমুদ্দিন মিয়া এবং হোসেন মিঞা (২১), পিতা আব্দুল রহমান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনের বাড়ি তপন থানার হজরতপুর গ্রামে।
বুধবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বালুরঘট জেলা আদালতে পেশ করা হয়।এই বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *