স্নানের ছবি তুলে ব্ল্যাকমেল, প্রতিবন্ধী গর্ভবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ৩১ আগস্ট দক্ষিণ দিনাজপুর
স্নানের ছবি তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। এরপর দিনের পর দিন এক প্রতিবন্ধী গর্ভবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজা দাস (৩০), ওরফে রাজু। সোমবার দুপুরে তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গঙ্গারামপুর থানার একটি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা বছর ২৪-এর ওই প্রতিবন্ধী গৃহবধূ বর্তমানে গর্ভবতী। অভিযোগ, প্রায় দু’মাস আগে বাড়ির কাছে স্নান করার সময় তাঁর ছবি মোবাইলে তুলে নেয় অভিযুক্ত রাজা দাস। এরপর সেই ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। ভয় দেখিয়ে দিনের পর দিন তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ,গৃহবধূর স্বামীও প্রতিবন্ধী হওয়ায় প্রথমদিকে ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি ওই দম্পতি।এরই মধ্যে অভিযুক্ত যুবকফের গৃহবধূকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ।এরপর স্বামীর কাছে পুরো বিষয়টি জানান ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভাও বসে। তবে সেখানে কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন গৃহবধূ।
রবিবার রাতে গঙ্গারামপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ।রাতেই অভিযুক্ত রাজা দাসকে গ্রেপ্তার করা হয়।সোমবার বেলা ১টা নাগাদ তাঁকে আদালতে পেশ করা হয়। অভিযোগকারী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।একই দাবি করেছেন ওই গৃহবধূর স্বামী সহ তার পরিবারের লোকজন।
পুলিশের বক্তব্য,অভিযোগটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গর্ভবতী এক প্রতিবন্ধী মহিলাকে ছবি তুলে ব্ল্যাকমেল করে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *