দণ্ডি বিতর্ক! ৭২ ঘন্টা পরেও গ্রেফতার হয়নি অভিযুক্ত মহিলা নেত্রী। প্রতিবাদে দিলীপ ঘোষ কে নিয়ে বালুরঘাটে মিছিল সুকান্তর। ঘটনা জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ সাংসদ।
বালুরঘাট, ১০ এপ্রিল—-— দন্ডি বিতর্ক! আদিবাসী মহিলাদের দিয়ে দন্ডি কাটানোর ৭২ ঘন্টা পরেও গ্রেফতার হয়নি মহিলা তৃণমূল নেত্রী। প্রতিবাদে অবরুদ্ধ বালুরঘাট শহর। ঘটনা জানিয়ে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় এসটি কমিশনের দ্বারস্থ বালুরঘাটের বিজেপি সাংসদ। সোমবার এই ঘটনা জানিয়ে একটি টুইটও করেছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়েছে দক্ষিণ দিনাজপুর সহ গোটা রাজ্য জুড়ে।
বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে তপনের গোফানগরের চার আদিবাসী মহিলাকে প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডী কাটান দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। যদিও তাঁর দাবি ওই মহিলারা নিজে থেকেই দণ্ডি কেটেছিল। যে ভিডিও প্রকাশ্যে আসতেই শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশজুড়ে আলোড়ন পড়েছে। আদিবাসী মহিলাদের দিয়ে রাতের অন্ধকারে কেন এমন দন্ডি কাটানো হল তানিয়া উঠেছিল প্রশ্ন। যে ঘটনা নিয়ে ইতিমধ্যে ওই মহিলা নেত্রী কে কাঠগড়ায় দাড় করিয়ে দলের সমস্ত পদ ও কাজ থেকে অব্যাহতি দেয় তৃণমূল। ঘটনার তিনদিন অতিক্রান্ত হলেও ওই মহিলার বিরুদ্ধে কেন এখনো পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি এর প্রতিবাদেই রাস্তায় নামে বিজেপি। গোটা রাজ্যজুড়ে থানা ঘেরাও এর পাশাপাশি এদিন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ কে সঙ্গে নিয়ে বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিক্ষোভ দেখানো হয় জেলাশাসকের অফিসের সামনে। কয়েক হাজার কর্মী সমর্থক এর উপস্থিতিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বালুরঘাট শহর। যদিও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিনের এই কর্মসূচী কে ঘিরে। গোটা শহর জুড়ে মিছিল পরিক্রমার পর থানামোড়ে বিক্ষোভ অবস্থান করে বিজেপি নেতৃত্বরা। যদিও সভাস্থলে পৌঁছানোর আগেই ব্যস্ততার কারনে মিছিল শেষ করে বের হয়ে যান দিলীপ ঘোষ। এরপরে মঞ্চে উঠেই আদিবাসী মহিলাদের সাথে এমন নক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুসে ওঠেন বিজেপির প্রায় সকল নেতৃত্বরাই। কড়া ভাষায় পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে বিধায়ক বুধরাই টুডু ও বিজেপির মহিলা নেত্রী মাফুজা খাতুনকে। এর পরে মঞ্চে উঠে এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি। একই সাথে আদিবাসী সমস্ত সংগঠনকে একত্রিত হয়ে জেলাশাসক ও পুলিশ সুপার অফিস তালাবন্ধ করার ডাক দিয়েছেন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ৭২ ঘন্টা পার হয়ে গেলেও অভিযুক্ত মহিলা নেত্রী এখনও গ্রেপ্তার হয়নি। যার প্রতিবাদে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় এসটি কমিশনকে চিঠি দিয়েছেন।

