বালুরঘাট, ৩১ জুলাই ——–– জায়গা নিয়ে কাজিয়া, খুদে পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা প্রতিবেশীদের। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকায়। চলে পুলিশের সামনে একে অপরকে ধাক্কাধাক্কি করবার ঘটনাও। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এদিকে ঘটনা জানিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন সাফানগর আত্রেয়ী বিদ্যানিকেতন স্কুল কতৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই কুমারগঞ্জের সাফানগর আত্রেয়ী বিদ্যানিকেতন নামে ওই বেসরকারি স্কুলটির জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে একটা জটিলতার সৃষ্টি হয়। যা নিয়ে উভয়পক্ষ পুলিশের দ্বারস্থ হলেও তেমন কোন সমাধান সূত্র বের হয়নি। আর যার জেরেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রবিবার স্কুলে ঢোকার রাস্তা সহ অধিকাংশ জায়গা বাশ দিয়ে ঘিরে দেন প্রতিবেশী আব্দুল মোল্লা সহ বেশ কয়েকজন। যা নিয়ে এদিন সকাল থেকেই তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এদিকে স্কুলের প্রবেশদ্বার বাশ দিয়ে বন্ধ করে রাখায় সকাল থেকে স্কুলে ঢুকতে না পেরে প্রশাসনের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দেন শতাধিক খুদে পড়ুয়ার অভিভাবকেরা। বেলা বাড়তেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশের উপস্থিতিতে প্রবেশদ্বারের বাশ খুলতে গেলেই বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়ায় স্কুল কতৃপক্ষ ও প্রতিবেশীরা। স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের জায়গার সুনির্দিষ্ট কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে প্রতিবেশী আব্দুল মোল্লা ও তার দলবলেরা বাশ দিয়ে স্কুলের জায়গা ঘিরে রেখেছে। পালটা অভিযোগ তুলেছেন আব্দুল মোল্লাও। তার দাবি, পৈতৃক সম্পত্তি জোর করে দখল করতে চাইছে স্কুল কতৃপক্ষ। জায়গার সুনির্দিষ্ট কাগজপত্র তাদেরও রয়েছে। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। বাশ খুলে খুদে পড়ুয়াদের যাবার রাস্তা বের করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিকে এই ঘটনা নিয়ে আব্দুল মোল্লা সহ মোট চারজনের বিরুদ্ধে স্কুলের জায়গা জোর করে দখল করবার অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়েছেন স্কুল কতৃপক্ষ।
স্কুলের তরফে মনোজ বসাক বলেন, জায়গার সঠিক কাগজ থাকা সত্ত্বেও প্রতিবেশীরা জোর করে স্কুলের জায়গা বাশ দিয়ে ঘিরে রেখেছে। জানিয়ে পুলিশ প্রশাসন কোনো কথা শুনছে না। আর এই জন্যই সকাল থেকে স্কুলে ঢুকতে বাধা পেয়েছে খুদে পড়ুয়ারা। ঘটনা নিয়ে লিখিতভাবে বিডিও দারস্থ হয়েছেন তারা।
প্রতিবেশী আব্দুল মোল্লা বলেন, জায়গার সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে সেই জায়গা স্কুল কর্তৃপক্ষ দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবার নির্দেশ প্রশাসন দিলেও স্কুল কতৃপক্ষ তা কর্নপাত করছে না।

