মালদা:—————–গত বুধবার নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। যার মধ্যে নব চৌধুরীর দেহ উদ্ধার হয়েছে। মৃত নব চৌধুরীর বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে।
মৃত যুবকের বোন নিশা চৌধুরী বলেন দাদা টিকটক করতে খুবই ভালোবাসতো। ওইদিন সকালে কাজ করার সময় একটি সিনেমার হিন্দি গানের তালে তাল মিলিয়ে দাদা টিকটক করেছে। আর তার খানিকক্ষণের মধ্যেই রেল ব্রিজ দুর্ঘটনার কথা জানতে পারি। মোবাইলে ছবি দেখে আমরা আঁতকে উঠেছি। মুহূর্তের মধ্যে কিভাবে সব কিছু শেষ হয়ে গেল তা ভাবতেই পারছেন না পরিবারের লোকেরা।
এদিকে শুক্রবার রাতে নরহাট্টা গ্রামে নব চৌধুরীর কফিনবন্দি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।
মৃত যুবকের বাবা মনোরঞ্জন চৌধুরী এবং মা ফাল্গুনী চৌধুরী জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল আমার ছেলে। দেড় মাস আগে মিজোরামে গিয়েছিল কাজ করতে। একটা দুর্ঘটনায় ওর প্রাণ কেড়ে নিল। নব চৌধুরীর মৃত্যুতে এখন গোটা গ্রাম শোকাহত।

