অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ৫১২নম্বর জাতীয় সড়ক অবরোধ গৃহবধূদের, বিডিও অফিসে বিক্ষোভের পর ক্ষোভ রাস্তায়,সমাধানের আশ্বাস প্রশাসনের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট ৭জুলাই দক্ষিণ দিনাজপুর।ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বহু মহিলা ও গৃহবধূ। বিডিও অফিস ও পুরসভায় বারবার ধর্না-বিক্ষোভ দেখিয়েও সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার দুপুরে তাঁরা গঙ্গারামপুর শহরের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। একাধিকবার বিডিও অফিস, পুরসভা এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
প্রতিবাদী মহিলাদের দাবি, প্রথমে অফলাইনে বিডিও অফিস ও পুরসভায় গিয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়। পরে আবেদনকারীদের সুবিধার জন্য বিশেষ সহায়তা শিবিরও খোলা হয়। এরপর আবার নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হয়।কিন্তু আবেদন করার পর অনেকের আবেদন কোনও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই “রিজেক্ট” দেখানো হয়েছে বলে অভিযোগ। এতে চরম ক্ষোভ ছড়িয়েছে আবেদনকারীদের মধ্যে। আন্দোলনকারী গৃহবধূ মিলি সরকার, সাবিত্রী বর্মন, আদুরী রায়েরা বলেন, “সরকারি দপ্তরে ঘুরতে ঘুরতে জুতোর শুকতলা ক্ষয়ে গেছে। তবুও টাকা পাইনি।তাই বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছি। অবিলম্বে টাকা না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফের জওয়ানরা। পরে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। পরে মহকুমা পুলিশ প্রশাসনের আশ্বাসের পর দীর্ঘ সময়ের অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এবিষয়ে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান,”অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাঁদের আবেদন সংক্রান্ত সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ উঠে গেলেও আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি,দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিশ্রুত অর্থ না এলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *