রাজনীতি নয়, পড়াশোনার পরিবেশ চাই— নেশামুক্ত ক্যাম্পাসের দাবিতে হিলি কলেজে এবিভিপি-র স্মারকলিপি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৩০ জুন —–কলেজ ক্যাম্পাসে রাজনীতির রং নয়, ফিরুক শুধুই পড়াশোনার আবহ। এই বার্তাকেই সামনে রেখে হিলির এস.বি.এস. গভর্নমেন্ট কলেজে দলীয় রাজনীতিমুক্ত ও নেশামুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর পূর্ব জেলা এবিভিপি-র নেতৃত্বে অধ্যক্ষের হাতে বিস্তারিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষার প্রশ্নে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তাঁরা।
স্মারকলিপিতে এবিভিপি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানচর্চা, চরিত্র গঠন এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরির পবিত্র ক্ষেত্র। ফলে কলেজে কোনওভাবেই দলীয় রাজনীতির প্রভাব, রাজনৈতিক প্রতীক বা প্রচারের স্থান হতে পারে না। সেই কারণে ছাত্র ইউনিয়ন কক্ষ থেকে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের ছবি, দলীয় পতাকা ও অন্যান্য রাজনৈতিক প্রতীক অপসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কলেজ চত্বরে কোনও ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী বা প্রতীক যাতে স্থান না পায়, সে ব্যাপারে প্রশাসনের কড়া নির্দেশ জারির আবেদনও করা হয়েছে।
একই সঙ্গে নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে তামাক, গুটখা, মাদক-সহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন। এবিভিপি-র বক্তব্য, শিক্ষার্থীদের স্বার্থে কলেজকে এমন একটি পরিবেশে পরিণত করতে হবে, যেখানে রাজনীতি বা নেশা নয়, অগ্রাধিকার পাবে শুধুই শিক্ষা, শৃঙ্খলা ও মেধার বিকাশ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি-র প্রদেশ সহ-সম্পাদক রোহিত মাহাতো, জেলা সংযোজক বাপ্পা ভট্টাচার্য, জেলা ছাত্রী প্রমুখ রূপরেখা সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কলেজ পড়ুয়া। এখন কলেজ প্রশাসন এই দাবিগুলির প্রেক্ষিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর শিক্ষামহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *