‘
গঙ্গারামপুর ২৫ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর।‘সেবা মেরা যোগদান’ কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চত্বরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই শিবিরে মোট ৪৩জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর হাসপাতালের চিকিৎসক বিজেশ সাহা ও চিকিৎসক পি.সি. বসাক। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত দাস-সহ ট্রাফিক পুলিশের আধিকারিক ও অন্যান্যরা।
এদিন শিবিরে আসা সাধারণ মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে চিকিৎসকরা পরামর্শ দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পথচলতি মানুষ ও বাসস্ট্যান্ডে থাকা যাত্রীদের মধ্যেও এই উদ্যোগ ঘিরে উৎসাহ দেখা যায়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ আরও মজবুত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের স্বার্থে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে।

