বালুরঘাট, ৯ জুলাই —— জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খরচ। কিন্তু বছরের পর বছর একই জায়গায় থমকে রয়েছে নিশ্চয় যানের ভাড়া। আর সেই আর্থিক সঙ্কটের জেরেই বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ভবনে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন চত্বরে উত্তেজনার পরিবেশও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ।
বিক্ষোভকারীদের বক্তব্য, যে সময় ডিজেলের দাম ছিল প্রায় ৪০ টাকা লিটার, তখন প্রতি কিলোমিটার ৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। তারপর একাধিকবার জ্বালানির দাম বেড়েছে, বেড়েছে গাড়ির রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, বিমা ও চালকদের পারিশ্রমিকের খরচও। অথচ নিশ্চয় যানের ভাড়া আর বাড়েনি। ফলে প্রতিদিন লোকসান গুনে পরিষেবা চালাতে বাধ্য হচ্ছেন তাঁরা। অনেক অপারেটরের পক্ষে গাড়ি রাস্তায় নামানোই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ।
ইউনিয়নের জেলা সম্পাদক শরিফুল সরকার জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১২০টি নিশ্চয় যান চলাচল করে। রাজ্যজুড়ে এই পরিষেবার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ৩৫ হাজার মানুষ। দীর্ঘদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। তাই এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে লিখিত দাবি তুলে দিয়ে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের আবেদন জানানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস মিলেছে বলেও দাবি সংগঠনের।

